স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার আহ্বান
মুক্তিযোদ্ধা সংসদের সংবাদ সম্মেলন
জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রগতিশীল ও মানবিক গুণাবলির অধিকারী সব ভোটারের প্রতি সংসদ এ আহ্বান জানায়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, অতীতে স্বাধীনতাবিরোধী অপশক্তি ধর্মকে ব্যবহার করে এবং কারচুপির মাধ্যমে সংসদ সদস্য হয়ে জাতীয় সংসদকে কলুষিত করেছে। তাদের আর সে সুযোগ দেওয়া যাবে না। এবারের নির্বাচনে তাদের ভোট না দিলেই এ অপশক্তিকে প্রতিহত করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে ১৯৭৩ সালের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ (বিচার) আইনের আওতায় ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করা হয়। এ ছাড়া ধর্মের নামে রাজনীতি ও প্রচারণা নিষিদ্ধ করা, রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে দুর্নীতি নির্মূল এবং দুর্নীতিবাজদের অর্জিত অর্থসম্পদ বাজেয়াপ্ত করে দারিদ্র্য বিমোচনে জাতীয় কার্যক্রম গ্রহণেরও দাবি জানানো হয়।
Keywords/








