‘যুদ্ধাপরাধের বিচারে মার্চের প্রথম সপ্তাহেই আইনজীবী প্যানেল’
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে মার্চের প্রথম সপ্তাহেই তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেল (প্রসিকিউটর) নিয়োগ করে তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে সফররত জাইকা মহাপরিচালক মাসাকাতা নাকাহরার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।
বর্তমানে পুরনো হাইকোর্টের এক নম্বর ভবনে আদালতের অবকাঠামো নির্মাণের কাজ চলছে। চলতি মাসেই এজলাসসহ আনুষঙ্গিক কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে সরকার সচেষ্ট। সুষ্ঠু ও আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য বিচারের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে নবম সংসদের প্রথম অধিবেশন একটি বেসরকারি বিল সর্বসম্মতভাবে গৃহীত হয়।
জাইকা মহাপরিচালকের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, সরকারের চারটি প্রকল্পে জাইকা ৪০ কোটি আমেরিকান ডলার (থার্টিফার্স্ট ইয়েন লোন প্যাকেজে) সহায়তা দিচ্ছে।
জাইকা আশা করছে, প্রকল্পের বিষয়ে সরকার সহযোগিতা করবে এবং মাচের প্রথমার্ধে এসংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে।
Keywords/








