Home » Bengali, Dhaka, Freedom Fighter, News, War Crime, War Criminal, প্রথম আলো

মার্চেই যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দাবি

10 March 2010 Original Source: Link

স্বাধীনতার মাস মার্চেই যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে পক্ষকালব্যাপী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, একাত্তরের লুণ্ঠনকারী, খুনিদের বিচার ৩৮ বছরেও হয়নি, এটি জাতির জন্য লজ্জার। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনগণ এখন ঐক্যবদ্ধ। এই একতাকে কাজে লাগাতে হবে।
সেক্টর কমান্ডারস ফোরামের সাংস্কৃতিক সম্পাদক ম. হামিদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার একটি কঠিন লড়াই। এটি শুরু হলে অনেকেই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করবে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
ফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক মেজর (অব.) শামসুল আরেফিন বলেন, জনগণ যুদ্ধাপরাধীদের বিচারের আশায় এ সরকারকে ভোট দিয়েছে। কাজেই সরকারকে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিতেই হবে।
জোটের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ বলেন, স্বাধীনতার মাসেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হোক। এটা জনগণের দাবি।
গ্রুপ থিয়েটারের মহাসচিব ঝুনা চৌধুরী বলেন, যুদ্ধাপরাধের বিচারকাজ করতে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কাজেই অবিলম্বে এই মার্চ মাসেই বিচার শুরু করা উচিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জোটের সাংগঠনিক সম্পাদক সেলিম শামছুল হুদা চৌধুরী, আফরোজা বানু, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, সাধারণ সম্পাদক মীজানুর রহমান প্রমুখ। আয়োজকেরা জানান, ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

Keywords/

Added by: Junaed

Comments are closed.