সরকারের টিকে থাকা নিয়ে জামায়াত নেতার সংশয়
‘নির্বাচনের পর এ সরকারকে আমরাই প্রথম সমর্থন দিয়েছিলাম। জুলুম-নির্যাতন বন্ধ করুন। তাহলে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবেন। আমরাই সমর্থন দেব। জনগণের জন্য কাজ না করলে, আমরা না চাইলেও জনগণ আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম আজ শনিবার সরকারকে উদ্দেশ করে এসব কথা বলেন। জামায়াতের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বড় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘সরকারের কর্মকাণ্ডে মনে হয়, তারা নিজেদের মাথায় নিজেরাই আঘাত করছে। তারা নিজেরাই ক্ষমতায় থাকতে চায় না। আমরা সব চেষ্টা করলেও সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে বলে মনে হয় না।’ বিদেশের সঙ্গে যেসব চুক্তি করা হচ্ছে, তা জনগণ ও সংসদকে জানানো হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।
আজহারুল ইসলাম বলেন, এসব চুক্তি যদি বাস্তবায়ন করা হয় এবং তা যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়, তাহলে দেশের জনগণ সরকারকে ক্ষমা করবে না।
একাত্তরে জামায়াতের নেতা-কর্মীরা কোনো অপরাধ করেনি দাবি করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, তাঁরা হত্যা, লুট, ধর্ষণ ও অগ্নিসংযোগ করলে সাংসদ-মন্ত্রী হতে পারতেন না। জামায়াতের নেতাদের বিরুদ্ধে কল্পিত অভিযোগ এনে সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। কিন্তু তা সফল হবে না।
Keywords/Tags: এ টি এম আজহারুল ইসলাম, জামায়াতে ইসলামী









Leave your response!