মহানগর জামায়াত নেতা রফিকুল দুই দিনের রিমান্ডে
গাড়িতে আগুন দিয়ে যাত্রী হত্যার চেষ্টা ও ভাঙচুরের অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান গতকাল সোমবার রফিকুল ইসলাম খানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের সমর্থনে আগের দিন নিউমার্কেট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়ে যাত্রীদের হত্যার চেষ্টা করেন এবং বাসটির ক্ষতিসাধন ও জনমনে আতঙ্কের সৃষ্টি করেন। হরতালের সমর্থনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে রফিকুল ইসলাম খান উসকানিমূলক বক্তব্য দিয়ে কর্মীদের উৎসাহিত করেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে ১০ দিন রিমান্ডে নেওয়া প্রয়োজন। এ সময় আদালতে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হলে সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক (এসআই) রতন শেখ জামিনের বিরোধিতা করে রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রমনা থানায় দায়ের করা ফারুক হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে পৃথক আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Keywords/Tags: জামায়াতে ইসলামী, বিএনপি, রফিকুল ইসলাম খান









Leave your response!