প্রকাশিত সংবাদ প্রসঙ্গে আসিফ নজরুলের বক্তব্য
৩১ আগস্ট দৈনিক যুগান্তরে ‘জামায়াতও বানিয়েছে যুদ্ধাপরাধী তালিকা’ শীর্ষক প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। তিনি তার প্রতিবাদলিপিতে বলেছেন, তাকে নিয়ে যে সংবাদ ছাপা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ‘রিপোর্টের ভাষ্য অনুসারে, আটককৃত একজন জামায়াত নেতার বরাত দিয়ে গোয়েন্দা পুলিশ যুগান্তরকে জানিয়েছে যে, জামায়াত ও শিবিরের শীর্ষ নেতারা যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে আমিও তাদের মধ্যে একজন। আমি এ বক্তব্যকে চ্যালেঞ্জ করে জানাতে চাই, অতীতে বা বর্তমানে কখনও জামায়াত বা শিবির আমার সঙ্গে যোগাযোগ করেনি, করার প্রশ্নও আসে না। আমি যুদ্ধাপরাধের বিচারের দাবিতে বহু বছর ধরে একনিষ্ঠভাবে সোচ্চার আছি। ফলে আমার মতো একজন ব্যক্তির সঙ্গে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াত বা শিবির নেতাদের যোগাযোগের কোন কারণ নেই বলে আমি করি। সত্যতা পরীক্ষা না করে এ ধরনের কোন মানহানিকর সংবাদ মিডিয়ার কাছে পরিবেশন না করার জন্যও আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।’
Keywords/Tags: আসিফ নজরুল, জামায়াতের যুদ্ধাপরাধী তালিকা








