যুদ্ধাপরাধীদের মুক্তি দিতে ইন্টারনেটে হুমকি দাতা সৈয়দপুরে গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে সরকার ও পুলিশ প্রশাসনকে হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে নীলফামারী জেলার সৈয়দপুর থানার নতুন বাবুপাড়ার সাদ্দাম মোড় এলাকার একটি বাসা থেকে মারুফ নামে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি তার প্রতিপÿকে ফাঁসাতে এ কাজ করেছেন বলে পুলিশ প্রমাণ পেয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানায় হুমকি বার্তায় লেখা হয়, ‘আমাদের জাতীয় চার নেতাকে এ ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেয়া হবে এবং আপনাদের ওপর ও পুলিশের ওপর হামলা চালানো হবে।’ এ নিয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুব আলমের তদারকিতে সহকারী কমিশনারের নেতৃত্বে তদন্ত শুরু হয়। এরপর গত সোমবার নীলফামারী জেলার সৈয়দপুর থানার নতুন বাবুপাড়ার সাদ্দাম মোড় এলাকার একটি বাসা থেকে মারুফ রায়হান (৩০) নামে এক ব্যক্তিকে আটক ও তার ব্যবহৃত কম্পিউটার সরঞ্জামসহ জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হুমকির চিঠি পাঠানোর ঘটনার সত্যতা স্বীকার করেন।
মারুফ পুলিশকে জানান, তিনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তার বাসার দোতলায় তিনি একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন। ই-মেইলটি তিনি নিজেই পাঠিয়েছেন। স্থানীয় রাবেয়া ফিশ লিমিটেডের মালিক মনিরের সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা থাকার কারণে তাকে হয়রানি করার উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানের নামে একটি নতুন ই-মেইল আইডি তৈরি করে এ মেইলগুলো পাঠান বলে পুলিশ নিশ্চিত হয়েছেন। গ্রেপ্তারকৃত মারুফ রায়হানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক গতকাল মঙ্গলবার সকালে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ বিষয়ে পুলিশ আরো তদন্ত করছে। যুদ্ধাপরাধীদের সঙ্গে গ্রেপ্তারকৃতের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এবং অন্য কোনো অপরাধের সঙ্গে তিনি জড়িত কিনা তদন্তের মাধ্যমে তা জানা যাবে। তিনি আরো বলেন, ওই হুমকির কারণে ঈদের সময় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও যুদ্ধাপরাধীদের বিচার ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত বিচারকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
Keywords/Tags: arrest, bhorer kagoj, conspiracy against war crime trial, international crime tribunal, sabotaz, war crime tribunal, আন্তর্জাতিক অপরাধ আদালত, গ্রেফতার, নাশকতা, ভোরের কাগজ, যুদ্ধাপরাধ বিচারবিরোধী কার্যক্রম, যুদ্ধাপরাধের বিচার ট্রাইবুনাল









Leave your response!