যুদ্ধাপরাধ তদন্তে সমন্বয়ের অভাব রয়েছে : অর্থমন্ত্রী
একাত্তরের যুদ্ধাপরাধ তদন্তে সমন্বয়হীনতার কথা স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শিগগিরই প্রধান তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। গতকাল বুধবার সচিবালয়ে যুদ্ধাপরাধের বিচার সমন্বয়ে গঠিত সরকারি কমিটির এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।
বৈঠকে আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন।
বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধাপরাধ তদন্ত টিম এবং প্রসিকিউশন টিমের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। তা দূর করতে শিগগিরই একটি স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া প্রধান তদন্ত কর্মকর্তাও শিগগিরই নিয়োগ দেওয়া হবে।’
একাত্তরে গণহত্যায় মদদদাতা বলে অভিযুক্ত একটি সংগঠনের সঙ্গে সম্পর্কের খবর নিয়ে জোর বিতর্ক ওঠার পর যুদ্ধাপরাধ তদন্তের প্রধান আবদুল মতিন গত ৫ মে পদত্যাগ করেন। এরপর থেকে পদটি খালি রয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করার আশা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে অর্থ কোনো বাধা হবে না। চলতি অর্থবছরের বাজেটে এ জন্য ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরো বাড়ানো হবে।
বিচার প্রক্রিয়া স্বচ্ছ এবং এর আন্তর্জাতিক মান বজায় রাখতে সরকার সচেষ্ট বলে জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি জানান, অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। চলতি বছরের মার্চ মাসে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করা হয়। তিন সদস্যের বিচারক প্যানেলের পাশাপাশি সাত সদস্যের তদন্তকারী প্যানেল এবং ১২ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্যদের নামও একই দিনে প্রকাশ করা হয়।
Keywords/Tags: A M A Muhith, international crime tribunal, Investigation, prosecution, আন্তর্জাতিক অপরাধ আদালত, এ এম এ মুহিত, তদন্ত









Leave your response!