যুদ্ধাপরাধীদের বিচার ভিন্ন খাতে প্রবাহিত করতেই আড়িয়াল বিলের ঘটনা : আওয়ামী লীগ
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার উসকানিতে আড়িয়াল বিলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মুন্সীগঞ্জে আওয়ামী লীগের এমপিরা। গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘বিএনপি-জামায়াত জোট যুদ্ধাপরাধীদের বিচার থেকে দেশবাসীর দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের ঘটনাকে রাজনৈতিক ইসুøতে পরিণত করে উসকানিমূলক তৎপরতায় লিপ্ত হয়েছে।’
বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমাররঞ্জন ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও ইদ্রিস আলী।
সুকুমাররঞ্জন ঘোষ বলেন, আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের বিষয়টি কোনো আন্দোলনের ইসুø ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, একটি মহল অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে এলাকার জনগণকে শুধু বিভ্রান্তই করেনি, তারা নানা রকম উসকানিমূলক তৎপরতাও চালাতে থাকে। বিরোধী দলের নেতা বেগম খালেদ জিয়া নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই, মন্তব্য করে বিমানবন্দর নির্মাণের যেকোনো প্রচেষ্টাকে রুখে দাঁড়ানোর জন্য তার কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি নানা রকম মিথ্যাচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক মন্তব্য করেন। তার এমন অবস্থানে সেখানে গতকাল এ পরিস্থিতি তৈরি হয়েছে।
আওয়ামী লীগ এমপিরা বলেন, বাংলাদেশকে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে গড়ে তোলা এবং আমাদের জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তার কথা মনে রেখেই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। তবে যা কিছুই করা হোক না কেন সরকার এবং আমরা জনগণকে সাথে নিয়ে তাদের মতামতের ভিত্তিতেই করার ব্যাপারে দৃঢ় সঙ্কল্পবদ্ধ ছিলাম এবং আছি।
Keywords/









Leave your response!