হরতালে ট্রাইব্যুনালে যেতে পুলিশ পাবেন আইনজীবীরা
হরতালে আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত না হওয়ায় প্রয়োজনে পুলিশি নিরাপত্তা দিয়ে তাদের আদালতে আনার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল বসলেও আসামি পক্ষের আইনজীবীদের কেউ আদালত কক্ষে উপস্থিত ছিলেন না।
এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় প্রথম সাক্ষীর জেরা ২০ মে পর্যস্ত মুলতবি করে ট্রাইব্যুনাল।
এর আগে বিচারপতি নিজামুল হক এক আদেশে বলেন, হরতালের মধ্যে আসামির আইনজীবীরা কেউ আদালতে আসেননি। আদালতের বাইরে দু’এক জনের মুখ দেখা গেলেও তারা আদালত কক্ষে প্রবেশ করেননি। তারা যাতে হরতালের মধ্যেও ট্রাইব্যুনালে আসতে পারেন, সেজন্য প্রয়োজনে তাদের পুলিশি নিরাপত্তা দিতে হবে।
আর আইনজীবীরা যদি হরতালের সময় ট্রাইব্যুনালে আসার জন্য পুলিশি নিরাপত্তা চান, তাহলে তাদের তা দেওয়ার বিষয়টি প্রসিকিউশনকে নিশ্চিত করতে বলেন বিচারক।
আসামি পক্ষের আইনজীবী উপস্থিত না হওয়ায় ট্রাইব্যুনাল-২ এ জামায়াত নেতা মো. কামারুজ্জামান ও বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে মামলারও শুনানি হয়নি এদিন।
সকালে বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম শুরু হলে আলীমের আইনজীবী না আসার বিষয়টি ট্রাইব্যুনালের দৃষ্টিতে আনেন প্রসিকিউটররা।
এ দুটি মামলার শুনানির জন্যও ২০ মে দিন রাখা হয়েছে।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাঈদী, সালাউদ্দিন কাদের, কামারুজ্জামান ও আলীমসহ বিএনপি ও জামায়াতের আট নেতার বিরুদ্ধে মামলা চলছে দুটি ট্রাইব্যুনালে।
Keywords/Tags: 1971, bnp, Crime against humanity, Delwar Hossain Sayedee, International Crimes Tribunal, war crimes trial, আন্তর্জাতিক অপরাধ আদালত, জামায়াত, জামায়াতে ইসলামী, ট্রাইব্যুনাল, দেলাওয়ার হোসাইন সাঈদী, বিচারপতি নিজামুল হক, যুদ্ধাপরাধী বিচার, সালাউদ্দিন কাদের চৌধুরী, ১৯৭১









Leave your response!